প্রতিনিধি,নেছারাবাদ (পিরোজপুর) ;
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে পিরোজপুরের নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সন্ধ্যার পর স্বরূপকাঠি পৌর শহরের বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। পরে নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওহিদুজ্জামান মানিক এবং নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, হাসিনার ঠাঁই এই বাংলাদেশে হবে না। তাঁকে যেকোনো মূল্যে প্রতিহত করার কথা বলেন তারা। বক্তারা আরও বলেন, অতীতে বিএনপি নেতাকর্মীরা মিছিল করলে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেপ্তার করত। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মিছিল করছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















