সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় যুবদের অংশগ্রহণে সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ (লিঙ্গ-রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি) বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিসের উদ্যোগে এবং স্থানীয় সংগঠন অর্জন ফাউন্ডেশনের সহযোগিতায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর শহরের অদূরে অবস্থিত অগ্রগতি রিসোর্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ২২ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামো, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে জেন্ডার, সেক্স, লিঙ্গ পরিচয়, পুরুষতান্ত্রিকতা, লিঙ্গভিত্তিক সহিংসতা, আন্তঃলিঙ্গ (ইন্টারসেক্স) বিষয়, নারী-পুরুষ বৈষম্য এবং লিঙ্গ-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততায় দলীয় আলোচনা, উপস্থাপনা ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিসের প্রশিক্ষক ফরিদা বেগম। তাকে সহযোগিতা করেন শান্ত খান ও পিপাসা আক্তার।
প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মধ্যে সমতা ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক পরিবর্তনে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
Reporter Name 



















