সাতক্ষীরা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের এসআরবিএম প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা যুব পানি কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে যুব পানি কমিটির সদস্যরা আম, মেহগনি, আমড়া, বকুল, রেইনট্রি ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির ৫০টি বড় আকৃতির গাছের চারা রোপণ করেন। চারা রোপণের পাশাপাশি প্রতিটি গাছের সুরক্ষা ও পরিচর্যার সুবিধার্থে ছোট ছোট সাইনবোর্ডও স্থাপন করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাসেবী তরুণরা পুরো কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন। একই সঙ্গে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও গ্রহণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব পানি কমিটির সেক্রেটারি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সদস্য ইফতি জামিল, ইমতি জামিল, লামিয়া জেরিন, মো. সাইমুন হাসনাত, মাহাবুবুর রহমান, সিয়াম হোসেন, করিমন নেছা শান্তা, তাসনিহা জুই, মো. নাইমুর রহমান চৌধুরী, লামিয়া সুলতানা, আবু তাহের বিল্লাহ, মিলন কুমার রুদ্র, জাহাঙ্গীর আলম ও হাফিজা আফরোজ নীলাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং উত্তরণের ফিল্ড অর্গানাইজার মো. গোলাম হোসেনও উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা যুব পানি কমিটির সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, “সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের অন্যতম বড় সমস্যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। নদী ও খালের নাব্যতা হ্রাস, অতিরিক্ত পলি জমা এবং অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে টিআরএম জলাবদ্ধতা নিরসনে একটি কার্যকর ও টেকসই নদীভিত্তিক সমাধান হিসেবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “টিআরএমের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে জোয়ারের পানি নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করা হয়, যা নদীর পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধি করে।”
সংগঠনের প্রচার সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন বলেন, “টিআরএমের সুফল দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে শুধু নদী ও বিল ব্যবস্থাপনা যথেষ্ট নয়। নদী-খালের আশপাশে পরিকল্পিত সবুজায়ন, মাটির ক্ষয় রোধ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি সমানভাবে গুরুত্বপূর্ণ।”
সহ-সভাপতি সাজেদুল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ, নদী-খাল রক্ষা এবং টিআরএম বিষয়ে তরুণদের সচেতন ও সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য।
যুব পানি কমিটির নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক সবুজায়ন কর্মসূচি ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং টিআরএম কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে।
Reporter Name 



















