সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) নিখোঁজের ঘটনায় করা গুম মামলার প্রধান আসামি তার স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ‘ভেন্ডার রবি’কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে। চন্দনা সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা এবং তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে। তিনি রবিউল ইসলাম রবির দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ২২ দিন আগে কাটিয়া লস্করপাড়ায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন চন্দনা। তার নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্বামী রবিউল ইসলাম রবি তাকে গুম করতে পারেন।
এ ঘটনায় চন্দনার বাবা মহিউদ্দীন শেখ প্রথমে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে চন্দনার নিখোঁজের বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হলে তিনি আদালতের শরণাপন্ন হন।
মহিউদ্দীন শেখের অভিযোগের ভিত্তিতে রবিউল ইসলাম রবিকে প্রধান আসামি করে আরও কয়েকজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করেন এবং আসামিদের আটকের নির্দেশ দেন।
সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “আদালতের নির্দেশে গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে চন্দনা নিখোঁজের ঘটনায় তার স্বামী রবিউল ইসলাম রবি জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
এদিকে, নিখোঁজ গৃহবধূ চন্দনার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Reporter Name 
















