
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
“স্বপ্ন ছুঁয়ে আগামীর পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঐ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক ফকির নাসির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি শাহ্ নাজিম উদ্দিন (মুনান)।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহ্ নাজিম উদ্দিন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে কলেজের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান, ‘এ’ গ্রেড প্রাপ্তদের ৫০ শতাংশ শিক্ষা সুবিধা, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ সহায়তা, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ এবং বেসিক ইংলিশ স্পোকেন কোর্স চালু করা হবে।
তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, ইংরেজি ভাষা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ফকির নাসির উদ্দিন বলেন, নেছারাবাদে শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারের ফলে শিক্ষার সুযোগ ও হার বেড়েছে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে তরুণ প্রজন্ম বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করছে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।
পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
Reporter Name 



















