সাতক্ষীরা প্রতিনিধি
“সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণসায়ের খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালের দুই পাড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
দেশব্যাপী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাতক্ষীরা পৌরসভার নির্ধারিত ১৫ হাজার বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রাণসায়ের খালের দুই পাশে গাছ লাগানো হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং জেলা প্রশাসন এসব কার্যক্রম সমন্বয় করছে।
তিনি বলেন, পৌরসভার অন্যতম দায়িত্ব হলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মহব্বত আলী, স্যানিটারি ইনস্পেক্টর রবিউল আলম, কনজারভেন্সি ইনস্পেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর প্রতিনিধি মো. সবুজ। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৌরবাসীর জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি সবুজের এ অভিযান সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 



















