
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘরকুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠি ব্যবসায়ী ও সাধারণ জনগণ চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে রাতের পাহারা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হওয়ায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নেছারাবাদ ও কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণয় রায় বলেন, অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি নিয়মিত ও সুসংগঠিতভাবে রাতের পাহারা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা নজরে এলে দ্রুত থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে হবে। তিনি ঝুঁকি না নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে সমবায় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে এলাকায় চুরি-ডাকাতি কমে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা হবে।
Reporter Name 























