
সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার ভোর ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতাকারীরা জাতির কাছে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে। বিশ্বজুড়ে যেমন অ্যাডলফ হিটলার ঘৃণিত, তেমনি স্বাধীনতাবিরোধীরাও একইভাবে ইতিহাসে নিন্দিত হয়ে থাকবে।
ভূমিমন্ত্রী বলেন, মাতৃভাষার জন্য বাঙালি জাতি পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। এ কারণে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম গর্বিত ও বিজয়ী জাতি।
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পর এখন দেশের সার্বভৌমত্ব অটুট রেখে গণতন্ত্রকে সুসংহত করাই প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম অঙ্গীকার এবং এটি একটি পবিত্র দায়িত্ব।
এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
Reporter Name 























