প্রতিনিধি,পিরোজপুর;
আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সুরাইয়া খানম। তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিতে চান।
সুরাইয়া খানম পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম তুহিনের সহধর্মিণী। রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তার পরিবার দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত।
স্থানীয়দের মতে, সুরাইয়া খানম তরুণ ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একটি জাতীয়তাবাদী পরিবারে বেড়ে ওঠায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তার মধ্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তার খালা শাশুড়ি বেগম রাশিদা ওহাব পিরোজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং দুইবারের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে স্থানীয় রাজনীতি ও জনসেবার ক্ষেত্রে পরিবারটির একটি সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সুরাইয়া খানমের প্রার্থিতায় বেগম রাশিদা ওহাবসহ ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সমর্থন থাকবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সুরাইয়া খানম বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি তিনি এলাকার সকল বাসিন্দাকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানিয়েছেন।