প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১২:৫৭ পি.এম
নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনা মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রতিনিধি, নেছারাবাদ ;
নেছারাবাদ উপজেলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩), যিনি পেশায় একজন অটোরিকশা চালক, তাকে চৌকিদারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডেকে নেওয়া হয়। সেখানে চুরির অভিযোগ এনে তাকে মারধর করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর চুরির অপবাদ সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
তবে এলাকাবাসীর জানান, ঐ ঘটনায় শানু চেয়ারম্যান এর চেয়ে মূল অপরাধী হলেন হানিফ চৌকিদার সে আব্দুল্লাহ আল মামুন সবজকে পরিষদে বসে অতিরিক্ত মারধর করেছিলেন। তাকে সবার আগে গ্রেফতার করা হোক।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আত্মহত্যার প্ররোচনার মামলায় রাজিবুল হক শানুকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কাওসার মাহমুদ সাউথ বেঙ্গল নিউজ।
Copyright © 2026 southbengalnews24. All rights reserved.