সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। মামলার তদন্ত এবং ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী, মেজর (অব.) মোজাফফর হোসেন ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় তিনিই প্রথম গুলি চালিয়ে জিয়াউর রহমানের মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হওয়ায় মামলার বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে সামরিক আইনের আওতায় তার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।