সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জনসম্মুখে কেরোসিন তেল ছিটিয়ে মাছগুলো গর্তে পুঁতে বিনষ্ট করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে খবর আসে—উপজেলা সদরের মাছ বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে দ্রুত অভিযান চালানো হয়।
অভিযানে মৎস্য অফিসের প্রতিনিধি ওসমান গনি বাজারে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং একটি দোকান থেকে আনুমানিক ৫ থেকে ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন। এ সময় সংশ্লিষ্ট মাছ বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ ও ক্ষতিকর মাছ বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পরে জব্দকৃত মাছগুলো উপজেলা সদরের স্থানীয় নিউ মার্কেটের পেছনে নিয়ে জনসম্মুখে কেরোসিন তেল ছিটিয়ে গর্তে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মাছ বাজার মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক খাইরুল বাসারসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, দেশীয় মাছ ও জলজ প্রাণী রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।