সাতক্ষীরা প্রতিনিধি ;
সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজের একটি মতবিনিময় সভার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানাতে গিয়ে দেওয়া বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে প্রচার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি যুবসমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে ‘ধর্মান্ধতা’ শব্দটি ব্যবহার করেন।
তবে তার বক্তব্যের ওই অংশের একটি খণ্ডিত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার (২৪ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ওলামা মাশায়েখ পরিষদ।
এ বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, তার বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট উপেক্ষা করে একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তিনি দাবি করেন, বক্তব্যে কোনো ধর্মীয় গোষ্ঠী বা ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্য ছিল না; বরং তরুণদের খেলাধুলা ও সংস্কৃতিমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।
অন্যদিকে জেলা বিএনপিও এক বিবৃতিতে জানিয়েছে, জেলা প্রশাসকের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দলের মতে, তিনি যুবসমাজের ইতিবাচক বিকাশ এবং খেলাধুলা-সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতেই মন্তব্য করেছিলেন, কাউকে আঘাত বা হেয় করার উদ্দেশ্যে নয়।
ঘটনাটি নিয়ে জেলায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট মহল পুরো বক্তব্য যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছে।