সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’-এর উদ্যোগে দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
দলিতের ইউসিডিপি প্রকল্পের আওতায় এবং দাতা সংস্থা টিসিসিবি-আয়ারল্যান্ডের সহযোগিতায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বাবলুর রহমান এবং সাংবাদিক জুলফিকার রায়হান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলিতের প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও বিপ্লব দাসসহ তালা ও পাইকগাছা উপজেলার ১১টি দলিত শিক্ষা কেন্দ্রের ৩০ জন নেতা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য।
সভায় কেন্দ্র ব্যবস্থাপনার উন্নয়ন, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।