
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, চান্দুরিয়া ও তলুইগাছা বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১০ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করা হয়।
অন্যদিকে, চান্দুরিয়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ৪-৬ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্দির এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে। একইভাবে তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, তিনটি অভিযানে জব্দ করা পণ্যের মোট বাজারমূল্য ৬ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।