
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ।
রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির পাশাপাশি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
অভিযানের মধ্যে পদ্মশাখরা বিওপি থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ, কাকডাঙ্গা বিওপি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মাদরা বিওপি থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন এবং সুলতানপুর বিওপি থেকে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ ছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল হাড়দ্দহা এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ জব্দ করে। পাঁচটি পৃথক অভিযানে জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।