সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সোমবার (৬ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আব্দুল মাজেদের ছেলে মো. আসাদুল ইসলাম এবং মো. ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন।
বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৪৫৪ বোতল উইনসিরাপ (ফেন্সিডিলজাতীয়) ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।