
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রকৃত সমবায়ীদের অবমূল্যায়ন, স্বজনপ্রীতি ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে জেলা সমবায় কার্যালয়ের বিরুদ্ধে। সমবায়ীদের অভিযোগ ও আবেদন শোনার সুযোগ না দিয়েই দায়সারাভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬-এর অনুষ্ঠান শেষ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সমবায়ী।
রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রকৃত সমবায়ী ও খামারিদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সমবায়ী মো. কামরুজ্জামান রাসেল, আবুল কালাম, দীপঙ্কর ও আব্দুস সালাম অভিযোগ করে বলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমানের স্বজনপ্রীতি ও গাফিলতির কারণে সাধারণ সমবায়ীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তাঁরা।
তাঁদের অভিযোগ, অনুষ্ঠানে সাধারণ সমবায়ীদের বক্তব্য ও অভিযোগ তুলে ধরার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। আগে থেকেই পছন্দের ব্যক্তিদের বক্তা হিসেবে নির্ধারণ করা হয়েছিল, যাতে জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে না পারেন। এমনকি সমবায়ীদের আবেদন ও বক্তব্য শোনার আগ্রহও দেখানো হয়নি বলে তাঁরা দাবি করেন।
এ ছাড়া সমবায় পণ্য মেলায় ১৩টি স্টল বরাদ্দের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সমবায়ীরা। তাঁদের দাবি, জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমানের পছন্দের উদ্যোক্তারাই বরাবরের মতো মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এসব স্টলে সবজি, গার্মেন্টস পণ্য, হস্তশিল্প ও কুটিরশিল্পের বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়।
অভিযোগকারী সমবায়ীদের দাবি, জাতীয় সমবায় দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে প্রকৃত সমবায়ী ও খামারিদের অংশগ্রহণ, মতামত প্রকাশ এবং সমস্যা তুলে ধরার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের অভিযোগের বিষয়ে জেলা সমবায় কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।