
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে আয়োজিত এ সভায় মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের আহ্বায়ক এম. কামরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সোফায়া হাসিন, অ্যাডভোকেট নাহিদ শামস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি এবং অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মমতাজ আহমেদ বাপী, মিজানুর রহমান, আসাদুজ্জামান, অ্যাডভোকেট দিলীপ কুমার দেব, গোলাম সরোয়ার, আহসানুর রহমান রাজিব, এম. বেলাল হুসাইন, অ্যাডভোকেট বিপ্লব হোসেন ও কাজী শহিদুল হক রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভা পরিচালনা করেন অ্যাডভোকেট মনিরউদ্দীন।
আলোচনা সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের করণীয়, পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং গণমাধ্যমের মাধ্যমে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সভা শেষে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।