সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রয়েল প্লাস কনভেনশন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এইচ আর মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েত খান অর্ঘ, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সাহেব আলী, জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সাইবার দলের সভাপতি এস আই আশা এবং ছাত্রদল নেতা আহমেদ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন জয়নাল মল্লিক, এস এম ইব্রাহিম খলিল, রবিউল ইসলাম, ফেরদৌস, আলমগীর হোসেন, ইসরাফিল হোসেনসহ জাতীয়তাবাদী তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী তরুণ দল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়ন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটির তাৎপর্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুল হামিদ।