সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে নতুন পাসপোর্টের আবেদন নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরতে হবে। এরপর আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে।
জানা গেছে, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছে। পরে দিল্লির বাংলাদেশ মিশন থেকে আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তবে কূটনৈতিক সূত্রের দাবি, আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো অনুমোদনপত্র বা প্রমাণ ই-মেইলের সঙ্গে ছিল না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আবেদনটির আইনি, নৈতিক ও নীতিগত ভিত্তি দুর্বল। কোনো আইনজীবী প্রতিষ্ঠানেরই উচিত তার মক্কেল সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হওয়া।