রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে রামপাল উপজেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা করে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার এবং উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন।
এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড রাইটস ইন অ্যাকশনের বিউটি কুইন, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, পার্থ সারথী দেবে ও শিউলি কস্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্য, শিক্ষক, অভিভাবক এবং ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মসূচির আওতায় উপকৃত শিশুরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় আনা অত্যন্ত জরুরি। রামপাল উপজেলাকে এসব সামাজিক সমস্যা থেকে মুক্ত রাখতে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ।
তারা আরও বলেন, এ অর্জন ধরে রাখতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে রামপাল উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।