
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গ্রেপ্তার দুজনের একজন তাঁর স্বামীর পরিবারের আত্মীয় এবং অন্যজন চাচা শ্বশুর বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে তাঁকে বাজারে নিয়ে যান ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান ও রাকিব তাঁর ওপর যৌন নিপীড়ন চালান বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ওই নারী। পরবর্তী সময়ে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় মামলা করেন তিনি।
মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। পরে পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।