প্রতিনিধি বরিশাল ;
বরিশালে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার ঘটনায় জন্ম নেওয়া শিশুটির বয়স ২১ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তার ভরণপোষণ ও শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলেও রায়ে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফউদ্দিন এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আলমগীর সিকদার (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, দণ্ডিতের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে তা ভুক্তভোগীর কাছে দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী তখন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সম্পর্কের কারণে অভিযুক্তের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। সেই সুযোগে ২০২২ সালের শেষ দিকে এবং পরবর্তীতে ২০২৩ সালের ২২ মার্চ অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি প্রকাশ না করতে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও মামলায় বলা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন পরিবারের নজরে এলে তিনি ঘটনার কথা জানান। এরপর ২০২৩ সালের ২১ মে তার বাবা উজিরপুর মডেল থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আল মামুন হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রমে ছয়জন সাক্ষীর সাক্ষ্য, চিকিৎসা-সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায়ের পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার পর তার মেয়ের একটি পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও সন্তান তার সঙ্গেই বসবাস করছেন। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানান।