প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় একটি ব্যক্তিগত প্রাইভেট গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তালার পাটকেলঘাটার অভারব্রিজ সংলগ্ন একটি গ্যারেজের পাশে রাখা ব্যক্তিগত প্রাইভেট গাড়ি (ঢাকা মেট্রো-খ ১৪-০৪৯৩) থেকে স্থানীয় জনতা বোতলে ভরা ১৩ লিটার অকটেন উদ্ধার করে। পরে গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাই়ভেট গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে উদ্ধার হওয়া ১৩ লিটার অকটেন ওই গাড়িতেই ঢেলে দেওয়া হয়। দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল হামিদের বাড়ি তালা উপজেলার শার্শা গ্রামে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুদ এবং কোথাও ৩০০ টাকা দরে বিক্রি করে আসছে। এর ফলে সাধারণ গ্রাহকরা জ্বালানি তেল পেতে ভোগান্তিতে পড়ছেন।