প্রতিনিধি পিরোজপুর ;
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তিনি স্ত্রী ফারজানা রিশাদ এবং তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার (২৯ মার্চ) সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানায় দায়ের করা একটি মাদক মামলায় তিনি পূর্বে কারাবন্দী ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরে ওইদিন বাকবিতণ্ডা হয়।