পিরোজপুর প্রতিনিধি:
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে আগামী ১২ জুন পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল সমর্থকদের বৃহৎ আনন্দ র্যালি, মিলনমেলা ও বর্ণাঢ্য বাইক শোডাউন। আয়োজকদের পক্ষ থেকে জেলার সকল ব্রাজিল সমর্থকদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় পিরোজপুর বয়েজ স্কুল মাঠের স্টেজ সংলগ্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র্যালি শুরু হবে। এতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাজিল সমর্থকরা অংশ নেবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার, হেডব্যান্ডসহ দলটির প্রতি সমর্থনের বিভিন্ন উপকরণ নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে কোনো উপকরণ না থাকলেও শুধুমাত্র ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন নিয়ে উপস্থিত হওয়ার জন্য সমর্থকদের অনুরোধ করা হয়েছে।
এদিকে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য বাইক শোডাউন। এতে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাজিল সমর্থকরা অংশ নিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে ব্রাজিল সমর্থকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে এবং ফুটবলপ্রেমীদের জন্য একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।