পিরোজপুর প্রতিনিধি:
নদী রক্ষা ও নদীর প্রতি মানুষের দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানিয়ে পিরোজপুরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নদীবন্ধু সমাজের উদ্যোগে আলোচনা সভা, নদীর কবিতা ও গান, বর্ণাঢ্য পদযাত্রা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দামোদর ব্রিজ সংলগ্ন বাংলাদেশ নদীবন্ধু সমাজের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রাণ কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা স্কাউটসের সম্পাদক, প্রকৃতি ও জীবন ক্লাব পিরোজপুরের সভাপতি এবং বাংলাদেশ নদীবন্ধু সমাজের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত কবির খান। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং পিরোজপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় অংশ নেন নদীবন্ধু জ্যোতির্ময় চক্রবর্তী রতন, লোকমান হোসেন, হাসনেয়ারা হক, মনিরুল আলম সেলিম, কবি সমর কৃষ্ণ হালদার, দেবনাথ মণ্ডল, দেলোয়ার হোসেন আলম, দিলীপ কুমার মিস্ত্রী ও নাহিদ সরদার।
বক্তারা বলেন, নদী শুধু একটি জলধারা নয়; এটি মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্যের অন্যতম ভিত্তি। কিন্তু নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন এবং অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে দেশের নদীগুলো আজ হুমকির মুখে। নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নদীবন্ধু শামীম আহমেদ জালাল, কবি অপূর্ব রায় চৌধুরী, সাংবাদিক জাহিদুর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সদস্য মো. জাকির হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলী টিপু, কবি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক, কবি পলি, সুমনা বেপারী, সিনথিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঐকতান সঙ্গীত একাডেমির ব্যানারে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কবি ও সাংবাদিক সুমন বেপারী এবং তবলা শিল্পী দীপু নন্দী। এ সময় নদীভিত্তিক গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী পূজা রাণী সেন। কবিতা ও সংগীতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে স্থানীয় মানুষের মাঝে নদী রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা বলেন, “নদীর স্রোত বাঁচলে বাঁচবে প্রাণ-প্রকৃতি। তাই নদী রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি সংগঠনের নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।”