নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া সংলগ্ন বেলুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১১ কেজি ওজনের একটি বিরল প্রজাতির বাঘাইর মাছ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে তালুকদারহাওলা এলাকায় মাছটি ধরা পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় জেলে পলাশ কুমার মণ্ডল জানান, প্রতিদিনের মতো তিনি বেলুয়া নদীতে মইয়া (চাপা) জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে হঠাৎ জালে বড় একটি মাছ আটকা পড়ে। সাধারণত এ ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। তবে দৈবক্রমে মাছটি জালের কাটায় আটকে যাওয়ায় সেটি আর বের হতে পারেনি।
তিনি বলেন, “জীবনে এই প্রথম আমার জালে এত বড় একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। এমন মাছ পাওয়ার অভিজ্ঞতা সত্যিই আনন্দের।”
পরে মাছটি উরিবুনিয়া বাজারে ১১ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
মাছটির ক্রেতা সুলতান মাহমুদ জানান, গ্রামাঞ্চলের নদ-নদীতে বর্তমানে এত বড় বাঘাইর মাছ খুবই বিরল। তাই মাছটি কিনে প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, “মাছটি দেখতে বাজারে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। আগ্রহী ক্রেতাদের চাহিদার কারণে দ্রুত মাছটি কেটে বিক্রি করতে হয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এত বড় বাঘাইর মাছ ধরা পড়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মাছটি একনজর দেখতে নদীর তীর ও উরিবুনিয়া বাজারে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।