প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৬, ৩:১৪ এ.এম
পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন সাবেক এডিসি গোলাম সাকলায়েন
সাউথ বেঙ্গল নিউজ ;
আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে বিভাগীয় মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখার গত ১৩ জুনের এক আদেশে এ বিষয়ে পরামর্শ চাওয়া হয়। তদন্তে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পরীমণির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, পরীমণির বাসায় নিয়মিত যাতায়াত এবং রাজারবাগের সরকারি বাসভবনে প্রায় ১৭ ঘণ্টা একসঙ্গে অবস্থানের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোবাইল কল রেকর্ড, ফরেনসিক প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাকালে গোলাম সাকলায়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পরীমণির মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন। পরে তাকে বিভিন্ন দফায় বদলি করা হয়।
Copyright © 2026 southbengalnews24. All rights reserved.