প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৪:২৪ পি.এম
নেছারাবাদে টিকটকার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, স্ত্রীর সাথে লাইভে স্বামীর মৃত্যু
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এক যুবকের ফেসবুক লাইভ চলাকালে মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রের দাবি, দাম্পত্য কলহ ও স্ত্রীর কথিত পরকীয়াকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশ বলছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
নিহত সজল কুমার দেউরী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিঠানিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্বপন কুমার দেউরীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকায় ভাড়া বাসায় অবস্থানকালে সজল কুমার দেউরীর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে ছিলেন বলে তারা দাবি করেন।
নিহতের ছোট ভাই তুহিন দেউরী জানান, প্রায় ১০ বছর আগে সজলের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল এবং প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার ভাবির সম্পর্ক নিয়ে পরিবারে একাধিকবার আলোচনা ও মীমাংসার চেষ্টা করা হয়। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য মনোজ ঢালী বলেন, নিহতের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী শোভন বেপারীর সম্পর্ক নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল। বিষয়টি নিয়ে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল বলে তিনি শুনেছেন। ঘটনার পর নিহতের স্ত্রী ও অভিযুক্ত শোভন বেপারী এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলেও তিনি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শোভন বেপারী। মুঠোফোনে তিনি বলেন, নিহতের স্ত্রীর সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই। তিনি তাকে বড় বোনের মতো সম্মান করতেন। পরে এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, নিহতের স্ত্রী রঞ্জিতা রানী হালদারকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
southbengalnews24.com