
সাতক্ষীরা প্রতিনিধি
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সাতক্ষীরায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া ও জশনে জুলুসসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভাগুলোতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতা, ন্যায়বিচার, সহমর্মিতা ও শান্তির বাণী তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান বিশ্বে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরার রইচপুরে ধর্মীয় উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জশনে জুলুস র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ভোরে রইচপুর গ্রামবাসীর উদ্যোগে আব্দুর রাজ্জাক মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আশেকে রাসুল মাহবুব আলম, আলিপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আজগার আলী এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. আব্দুল্লাহ।
দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক মৌলভী শিক্ষক মো. সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে দিবসটির তাৎপর্য স্মরণে কেক কাটা হয়।
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকবৃন্দ মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও মানবকল্যাণমূলক আদর্শ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দোয়া ও মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।