সাউথ বেঙ্গল নিউজ ;
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ মার্চ) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন ও মো. মনিরুল ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
দুদকের তথ্যমতে, মহিউদ্দিন মহারাজের নামে প্রায় ৫১ কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে। এছাড়া দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে প্রায় ৫৯ কোটি টাকা ব্যাংকে জমা রেখে তা বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়,অবৈধ সম্পদ আড়াল করতে মহিউদ্দিন তার স্ত্রী ও ছেলেকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেন। উম্মে কুলসুমের নামে প্রায় ৬ কোটি ৯৮ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। অন্যদিকে ছাত্র থাকা অবস্থায় ইফতির নামে প্রায় ৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের তথ্য মিলেছে, যার বড় অংশই অবৈধ বলে অভিযোগ দুদকের।
এর আগে আদালতের নির্দেশে মহিউদ্দিন, তার স্ত্রী ও ছেলের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। উল্লেখ্য, এলজিইডির উন্নয়ন প্রকল্পের টেন্ডারের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগেও আগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।