
সাতক্ষীরা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সোমবার (১৯ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। এ জন্য তিনি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।