সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;
নতুন রাজনৈতিক দল “জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)”–এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরূপকাঠীর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আহমাদ আইমান আন্দালিব।
মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে গণতান্ত্রিক পথচলার প্রত্যয়ে গত শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দলটি। রাজধানীর জাতীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দলের সূচনা হয়। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ‘আপ বাংলাদেশ’-এর সাবেক মুখপাত্র নাঈম আহমেদ।
দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হওয়া ইঞ্জিনিয়ার আহমাদ আইমান আন্দালিব স্বরূপকাঠী উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামের সন্তান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক এবং খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর মরহুম আবদুল হালিমের একমাত্র পুত্র।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর চাচাতো ভাই এবং সারেংকাঠী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জায়েদুল করিম নোমান।
ইঞ্জিনিয়ার আইমান ছাত্রজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি স্বরূপকাঠী বন্ধুজনার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসঙ্গে ইনকিলাব মঞ্চের একজন সংগঠক হিসেবেও কাজ করছেন।
নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে দায়িত্ব পাওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, এই দলের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।