
বাকেরগঞ্জ (বরিশাল):
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সংসদ সদস্য আবুল হোসেন খানের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ও নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সড়ক ও সমাবেশস্থল মুখর হয়ে ওঠে। এ সময় দলীয় স্লোগান ও ধানের শীষের প্রতীকসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।
সমাবেশে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণের পাশাপাশি দুধল ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য মিছিল বিশেষভাবে নজর কাড়ে। দেশীয় বাদ্যযন্ত্র ঢোল, সানাই ও বাঁশি নিয়ে নেচে-গেয়ে মিছিলটি সমাবেশস্থলে প্রবেশ করে। মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগান ও উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন খানের নেতৃত্বে মিছিলটিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান লিটন, ৪ নম্বর দুধল ইউনিয়ন ও উপজেলা যুবদলের সদস্য খালেকুজ্জামান বাহাদুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলের নেতৃত্ব দেওয়া মকবুল হোসেন খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় দুধল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের মতে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক সম্পৃক্ততা জোরদার করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।