
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের সাপ্তাহিক হাটে ফুটপাত ও মূল সড়ক দখল করে দোকানপাট বসানোর কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা ও পথচারীরা। হাটের দিন হাজারো মানুষের সমাগমে বাজার এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় নারী, শিশু ও বয়োবৃদ্ধদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মূল সড়ক দিয়ে। এতে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার কাউখালী বাজারে হাট বসে। এ হাটে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পিরোজপুর সদর, ঝালকাঠি সদর, রাজাপুর, স্বরূপকাঠি ও ভাণ্ডারিয়া থেকে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। হাটের দিন বাজার এলাকায় মানুষের চাপ বাড়লেও নির্বিঘ্নে চলাচলের পর্যাপ্ত সুযোগ না থাকায় ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, চিরাপাড়া ব্রিজের ঢাল থেকে দক্ষিণ বাজার হয়ে উত্তর বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে বসানো হয়েছে দোকানপাট। কোথাও ফুটপাতের ওপর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, আবার কোথাও রাখা হয়েছে পণ্যসামগ্রী। এতে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকে মূল সড়ক দিয়ে হাঁটছেন। একই সড়কে পথচারী ও যানবাহন চলাচল করায় তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি।
এর সঙ্গে যুক্ত হয়েছে মূল সড়কে চাকাযুক্ত ভ্যানগাড়িতে পণ্য সাজিয়ে ব্যবসা এবং ইজিবাইক ও অটোরিকশার অতিরিক্ত চাপ। ফলে হাটের দিন বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে ক্রেতা ও পথচারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে চলাচলকারীরাও পড়ছেন দুর্ভোগে।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত রাখতে আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফুটপাত সব সময় হকার ও অবৈধ দখলমুক্ত রাখার কথা ছিল। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্কবার্তাও দেওয়া হয়। এতে কিছুদিন পরিস্থিতির উন্নতি হলেও সম্প্রতি দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত আবারও ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল হয়ে পড়েছে। ফলে আগের মতোই জনদুর্ভোগ ফিরে এসেছে।
এ বিষয়ে সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, “বাজারে সাধারণ মানুষের চলাচলের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে নারী ও প্রবীণ ব্যক্তিরা হাটের দিনগুলোতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভ্যানগাড়ির দোকান ও ফুটপাত দখলমুক্ত করা গেলে বাজারে চলাচলের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হবে।”
বাজারের পরিবেশ স্বাভাবিক রাখার বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “বাজারের পরিবেশ স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “আমি নতুন যোগদান করেছি এবং বাজার ঘুরে দেখেছি। দ্রুত সময়ের মধ্যে বাজারের পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হবে এবং বাজারে ফিরবে শৃঙ্খলা। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি যানজট নিরসনে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।