কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি সোলায়মান কাজী যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।