কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে প্রায় ৬ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া ও নাঙ্গলী এলাকার বিভিন্ন খাল-বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের লক্ষ্য ছিল মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জাল অপসারণ এবং জলজ প্রাণীর স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা।
অভিযানকালে প্রায় ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে জব্দ করা অবৈধ জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান বলেন, “চায়না দুয়ারীসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা, জলজ প্রাণী এবং সামগ্রিক মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের জাল নির্বিচারে জলজ প্রাণী নিধন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই মৎস্য সম্পদ রক্ষা এবং আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “অভিযানে প্রায় ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে স্থানীয় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।