কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ;
পিরোজপুরের কাউখালীতে শিক্ষা মন্ত্রণালয়ের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৮ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় উপজেলার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থী এ সম্মাননা পান। সোমবার ১০ আগস্ট বেলা বারোটায়
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনানুষ্ঠানিকভাবে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। এর আগে একই প্রকল্পের আওতায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।