
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি পাড়ছিলেন আবুল বাশার। সুপারি গাছের পাশ দিয়ে সেচকাজে ব্যবহৃত জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সমাজসেবক মীর মিরাজ জানান, সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।