
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫৫ নম্বর আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে বেশ কিছু মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩০ আগস্ট) সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস। পরে শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ের অফিস কক্ষ এবং দ্বিতীয় তলার স্টোররুমের তালাও ভাঙা অবস্থায় দেখতে পান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় ছুটির পর নিয়ম অনুযায়ী অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে সবাই বাড়ি চলে যান। সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারেন।
পরবর্তীতে কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা বিদ্যালয়ের দুটি পুরোনো সিলিং ফ্যান, দুটি ফুটবল, একটি ঘণ্টা এবং একটি টিউবওয়েল খুলে নিয়ে গেছে। এছাড়া শ্রেণিকক্ষের কয়েকটি বৈদ্যুতিক সুইচবোর্ড ভেঙে তছনছ করে রেখে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহেদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, বিদ্যালয়টিতে কোনো নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।