
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী সদর উপজেলার কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। বুধবার (৭ অক্টোবর) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদানে সরাসরি অংশ নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার।

বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং হাতে-কলমে পাঠদান করেন। তিনি শিক্ষার্থীদের সহজ উপায়ে শুদ্ধ বাংলা উচ্চারণ, জটিল বাংলা ও ইংরেজি শব্দের সঠিক উচ্চারণের কৌশল, সহজ নিয়মে গণিত সমাধান এবং নামতা মনে রাখার কার্যকর পদ্ধতি শেখান।
পাঠদান শেষে শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে ওয়াহিদুর রহমান বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো মনে করতে হবে। ভয়ভীতি নয়, আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশে হাতে-কলমে শেখানোর মাধ্যমে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে।”
পরিদর্শন শেষে তিনি বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক করতে হবে। আমাদের লক্ষ্য শিশুরা যেন ভয় নয়, ভালোবাসার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে কাজ করলে কোমলমতি শিক্ষার্থীরা দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে সক্ষম হবে।”
তিনি আরও জানান, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ও বাথরুম-সংক্রান্ত সমস্যার বিষয়টি তাঁর নজরে এসেছে। বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে এসব অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
উল্লেখ্য, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দীর্ঘদিন ধরে ভবনের জরাজীর্ণ অবস্থা ও বাথরুমের অপর্যাপ্ত সুবিধার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ঝুঁকি ও ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।