
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে নাঈম হাসান (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাউখালী-স্বরূপকাঠি সড়কের ধোপাবাড়ি মোড় এলাকায় কেন্দ্রীয় আশ্রমসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত নাঈম হাসান উপজেলার আশপদ্দি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় সদর ইউনিয়নের জয়কুল আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাঈম মোটরসাইকেল নিয়ে কাউখালী থেকে আমড়াজুড়ি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে ধোপাবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ও মাথায় গুরুতর আঘাতের বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ হাসান জানান, দুর্ঘটনায় স্কুলছাত্রটির মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার পর অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অনেক কিশোর ও তরুণ ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং হতাহতের ঘটনা ঘটছে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।