কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দ সমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুর রহমান, কাউখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক এবং নারী নেত্রী মৌমিতা সাহা।
বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ, লিঙ্গসমতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।