কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামান।
বিদায়ী ইউএনও বলেন, কাউখালীতে দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছ থেকে তিনি আন্তরিক সহযোগিতা পেয়েছেন। কাউখালীতে কর্মকালীন মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কথা সবসময় তাঁর মনে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকারি দায়িত্বের কারণে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কাউখালীর মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতি সবসময় হৃদয়ে থাকবে। উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও কাউখালীর মানুষের জন্য তাঁর শুভকামনা থাকবে এবং এখানকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এছাড়া অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ মাওলানা এবাদত হোসেন, প্রধান শিক্ষক সামছুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, ইউপি সদস্য আজম আলী, রুবেল রিয়াজি এবং পুরোহিত জ্যোতিময় রতন চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানের কাউখালীতে কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কথা স্মরণ করে বক্তারা তাঁর নতুন কর্মস্থলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।