
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় উপজেলা পরিষদ চত্বরের ফাঁকা জায়গায় একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি-এর কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু কাওছার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন কুমার রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা ও সৈয়দ ফাহিম। এ ছাড়া পূবালী ব্যাংক পিএলসি-এর কাউখালী উপশাখার কর্মকর্তা সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কাউখালী উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় নারিকেল, আম, জাম, কাঁঠাল, আমলকী ও হরিতকিসহ প্রায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “আজকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহৎ উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংকের এ অংশগ্রহণ কাউখালী উপজেলাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
কর্মসূচির বিষয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, “পূবালী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় থেকেই আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। কাউখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হবে বলে আমরা আশাবাদী।”
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।