
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত ৫৭ নম্বর কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, চুইয়ে পড়ছে পানি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে বিদ্যালয়ের মাঠ। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে পাঠদান ও পাঠগ্রহণ করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরাও।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে দুই শিফটে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন ছয়জন শিক্ষক। তবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বসার স্থান ও লাইব্রেরি কক্ষের অবস্থা অত্যন্ত নাজুক। ছাদ চুইয়ে পানি পড়ার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ভবনের পলেস্তারা ধসে শিক্ষক ও অভিভাবকদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরোনো ভবনের বিভিন্ন অংশে ফাটল ও জরাজীর্ণতার চিহ্ন রয়েছে। ঝুঁকি নিয়েই এসব কক্ষে চলছে শিক্ষা কার্যক্রম। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির উচ্চতা কিছুটা বাড়লেই বিদ্যালয়ের চারপাশ ডুবে যায়। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে বিদ্যালয়টি কার্যত পানিবন্দি হয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়।
এ ছাড়া পর্যাপ্ত খেলার মাঠ না থাকা এবং শৌচাগারের নানা সমস্যায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সব মিলিয়ে বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে। স্থানীয়দের দাবি, দ্রুত একটি নতুন ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে নিজের ভয়ের কথা জানিয়ে শিক্ষার্থী নুহাস বলে, “এ ভবনে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। কখন কী ঘটে যায়, সেই আতঙ্কে থাকতে হয়।”
অভিভাবক কাকলি রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের পুরোনো ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সন্তানদের স্কুলে পাঠাতে আমাদের বুক কাঁপে। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা বলেন, “ঝুঁকিপূর্ণ লাইব্রেরি ও ভবনে আমাদের অত্যন্ত ভয়ের মধ্যে বসতে হয় এবং কার্যক্রম পরিচালনা করতে হয়। পুরোনো ভবনের সমস্যার বিষয়টি ইতোমধ্যে একাধিকবার উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে।”
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিদ্যালয়ের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”