
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ ওঠে সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন।
এ ঘটনায় ছাত্রীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে একই দিন প্রতিবেদন দাখিল করেন। এতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে সরকারি চাকরির বিধিবিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল।
অন্যদিকে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ও শিক্ষার পরিবেশের বিষয়টিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারির মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।