কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ ও তার সহযোগীদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আশ্রমের আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশ্রমের বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে আশ্রমে নানা অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। আশ্রমের তহবিল তসরুপসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় সাংগঠনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আশ্রমের ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগে বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বহিষ্কারের পরও বিপুল বরণ ঘোষ পর্দার আড়াল থেকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিকে ইন্ধন দিয়ে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আশ্রমের সভাকক্ষে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত কার্যক্রম চলাকালে তার সমর্থিত কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন বলে দাবি করা হয়।
আশ্রম কর্তৃপক্ষের অভিযোগ, আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে কোনো মহল যাতে আশ্রমের পবিত্র পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।
সংবাদ সম্মেলনে আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, সংঘ সভাপতি শংকর দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক কমল কৃষ্ণ গড়াই, পরিকল্পনা সম্পাদক মানিক লাল করসহ আশ্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্কিমচন্দ্র সাহা, উজ্জ্বল সাহা, নেপাল চন্দ্র দে, সুজন সাহা, কালাচাঁদ কর্মকার, পলাশ কর্মকার, ধলুশীলসহ আশ্রমের অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে অংশ নেন।